শুধু কার্ড নয়, কৃষকের সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

শুধুমাত্র ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি লোন মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে মৌ বাক্স, মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মৌ চাষ ও মুগডাল উৎপাদন বাড়ানোর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে এই কার্যক্রম।
আলোচনাসভা শেষে উপজেলার কৃষকদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে বিরামপুর উপজেলা পরিষদে মন্ত্রী পৌঁছালে বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করা হয়।
এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




