দীর্ঘ প্রতীক্ষার যমজ সন্তান মারা গেল ট্রেনে কাটা পড়ে

এশিয়া পোস্ট নিউজ
দীর্ঘ প্রতীক্ষার যমজ সন্তান মারা গেল ট্রেনে কাটা পড়ে

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু নিহত হয়েছে। তারা পাঁচ বছর বয়সি তাইব ও তাহমিদ নামের দুই যমজ ছিল।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাবা আকাশ শেখ জানান, তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিকসের দোকানে কাজ করতে যান। হঠাৎ তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। তখন তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে।

তিনি আরও জানান, বিয়ের দীর্ঘদিন পর তার যমজ সন্তানের জন্ম হয়। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া শিশুদের পাঁচ বছরের মাথায় এমন মৃত্যু তিনি ও তার স্ত্রী মেনে নিতে পারছেন না।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।