যুবদলের বহিষ্কৃত নেতাকে কুপিয়ে জখম, বিচ্ছিন্ন হাতের কবজি

চুয়াডাঙ্গা জেলা যুবদলের বহিষ্কৃত সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার শরীর থেকে বাঁ হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের মরহুম রজব আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে হোমিওপ্যাথি কলেজ এলাকার কাছে জাহিন শেখকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চটজলদি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, রোগীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত হয়েছে। তার বাম হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া দু’পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, হামলায় জাহিন শেখের একটি হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে গুরুতর জখম করা হয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত দুজনের নাম পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





