হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৯৯

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৫৩ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৯৯ শিশু।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জের নিকলি উপজেলার শহরমূল এলাকার ৪ মাস বয়সের শিশু ছেলেটিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিল। সোমবার রাত আড়াইটার দিকে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ২৩ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৩০৩ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় ২১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ২ হাজার ১৫১ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, হাসপাতালে আসা রোগীদের একটি বড় অংশ একদম শেষ মুহূর্তে, যখন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে, তখন ভর্তি হচ্ছে। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসকেরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশুদের তীব্র জ্বর এবং শরীরে র্যাশ বা গুটি দেখা দিলে অবহেলা না করে দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে আসা দরকার।






