হাতিয়ায় ‘স্কুল ফিডিং’ চালুর বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হান্নান মাসউদের

নোয়াখালীর নদীবেষ্টিত দ্বীপ উপজেলা হাতিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ চালুর উদ্যোগসহ শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাব নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদ।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে হাতিয়ার ভৌগোলিক বাস্তবতা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পুষ্টি উন্নয়নের লক্ষ্যে দ্রুত স্কুল ফিডিং কর্মসূচি চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন এমপি হান্নান মাসউদ।
হান্নান মাসউদের কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠককালে শিক্ষামন্ত্রী হান্নান মাসউদের দেওয়া আধা সরকারি পত্র (ডিও লেটার) সংশ্লিষ্ট সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেন এবং হাতিয়ার শিক্ষা খাতের উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে হান্নান মাসউদ হাতিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে—হাতিয়া সরকারি দ্বীপ কলেজের শিক্ষক সংকট নিরসন, হাতিয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ ও অনার্স কোর্স চালু, চরচেঙ্গায় নতুন কলেজ প্রতিষ্ঠা, নিঝুমদ্বীপসহ উপজেলার পাঁচটি স্থানে নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্য সমীক্ষা পরিচালনা, হাতিয়া কমিউনিটি কলেজ এমপিওভুক্তকরণ এবং পাঁচটি কলেজে পর্যায়ক্রমে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন।
বৈঠক শেষে এমপি হান্নান মাসউদ বলেন, হাতিয়ার শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে বিদ্যালয়ে তাদের নিয়মিত উপস্থিতি বাড়াতে হবে। একটি কার্যকর স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি ঝরে পড়ার হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করছি, সরকারের আন্তরিক সহযোগিতায় খুব দ্রুতই হাতিয়ার প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মসূচি চালু হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমি হাতিয়ার শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। সরকারি দ্বীপ কলেজের শিক্ষক সংকট, কলেজ সররিরীকরণ, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, এমপিওভুক্তকরণ ও ডিজিটাল ল্যাব স্থাপনের বিষয়টি শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি এসব দাবি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
.png)






