কেনা চামড়া নদীতে ফেলে দিলেন দুই ব্যবসায়ী

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
কেনা চামড়া নদীতে ফেলে দিলেন দুই ব্যবসায়ী
কাটাখালি নদীতে ফেলা হচ্ছে চামড়া। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর দাগনভূঞা উপজেলায় মানুষের কাছ থেকে কেনা কোরবানির পশুর চামড়া নদীতে ফেলে দিয়েছেন দুইজন মৌসুমি ব্যবসায়ী।

শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলর মোমারিজপুর গ্রামের কাটাখালি নদীতে চামড়াগুলো ফেলে দেওয়া হয়।

ওই দুই মৌসুমি ব্যবসায়ী হলেন দাগনভূঞা উপজেলার মমারিজপুর গ্রামের খুরশিদ আলম ও দিদারুল আলম।

চামড়া ফেলে দেওয়ার কারণে নদী ও আশপাশের পরিবেশ দূষণের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

ব্যবসায়ীরা জানান, লাভের আশায় স্থানীয় বিভিন্ন এলাকা থেকে শতাধিক গরুর চামড়া কিনেছিলেন তারা। কিন্তু চামড়া বিক্রি হয়নি। দীর্ঘ অপেক্ষার পরও কোনো পাইকারি ব্যবসায়ী তাদের চামড়া সংগ্র করেননি।

কাটাখালি নদীতে ফেলা হচ্ছে চামড়া। ছবি: এশিয়া পোস্ট
কাটাখালি নদীতে ফেলা হচ্ছে চামড়া। ছবি: এশিয়া পোস্ট

মৌসুমি ব্যবসায়ী খুরশিদ আলম বলেন, নগদ টাকা দিয়ে চামড়া কিনেছিলাম। বিক্রির জন্য পুরো রাত জেগে বসেছিলাম। কোনো ব্যাপারী আসেননি। কয়েকজন ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাই। একে তো তীব্র গরম, তার ওপর সময় মতো লবণ দিতে না পারায় চামড়ায় পচন ধরে গেছে। উপায় না পেয়ে বাধ্য হয়ে নদীতে ফেলে দিয়েছি।

আরেক ব্যবসায়ী দিদারুল আলম বলেন, ধার-দেনা ও জমানো পুঁজি খাটিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে চামড়া কিনেছিলাম। ঈদের দিন পার হয়ে পরদিন দুপুর পর্যন্ত কোনো ব্যাপারী না আসায় নিরুপায় হয়ে চামড়াগুলো ফেলে দিতে হলো। এভাবে চললে ভবিষ্যতে কেউ চামড়া কিনবে না।

এই বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। চামড়া বিক্রি করতে না পারলে আমাদের অথবা স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা প্রয়োজন ছিল। কিন্তু তা না করে নদীতে ফেলে দিয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাছ থেকে শোনার জন্য উপজেলা পরিষদে ডাকা হয়েছে।