ডিবি পরিচয়ে অপহরণ-ছিনতাই, চক্রের চার সদস্য গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ও চোখ-মুখ বেঁধে আড়াই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাঈদ আল হাসান শাকিল, মো. সবুজ ওরফে সাগর, মো. জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল ও মো. মোশারফ আলী। আসামির জামালপুর ও পটুখালীর বাসিন্দা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সন্ধ্যায় ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান ও তার প্রতিবেশী সিয়াম খন্দকার ব্যবসায়িক কাজে সাভার যাওয়ার জন্য কালামপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাস তাদের সামনে এসে থামে। গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে ফাহাদ ও সিয়ামকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। গাড়িতে তোলার পরপরই তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে পেঁচিয়ে ফেলা হয় এবং মারধর শুরু করা হয়। এরপর গাড়িটি মানিকগঞ্জের দিকে রওনা দেয়।
পুলিশ জানায়, অপহরণকারীরা পথে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন মাধ্যমে সর্বমোট ২ লাখ ৬২ হাজার টাকা এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা লুটের পর রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ থানার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি ইটভাটার সামনে চোখ-মুখ বাঁধা অবস্থাতেই তাদের গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ফাহাদ বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেন। ধামরাই থানা পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গাজীপুরের সদর, গাছা ও বাসন থানা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তার আসামিরা মহাসড়কের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে লুট করে আসছিল। আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।





