ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীসহ দুজন আটক

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীসহ দুজন আটক
কসবা তফজ্জল আলী কলেজ কেন্দ্র। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক নারী পরীক্ষার্থী ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া রহমান তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় একটি জাল প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যান। পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় দায়িত্বরত কর্মকর্তারা প্রবেশপত্রে উল্লেখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়।

এরমধ্যে অসঙ্গতি দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে বিস্তারিত যাচাই-বাছাই করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, প্রবেশপত্রটি ভুয়া।

ঘটনার পর অভিযুক্ত দুজনকে কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয়ে রাখা হয়। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :কসবা