দুধকুমার নদের পানি দুই ঘণ্টায় বেড়েছে সাত সেন্টিমিটার

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
দুধকুমার নদের পানি দুই ঘণ্টায় বেড়েছে সাত সেন্টিমিটার
নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। সোমবার সকালে কুড়িগ্রামের ধরলা অববাহিকা ছড়ারপাড় এলাকায় তোলা। ছবি: এশিয়া পোস্ট

দুই ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামের দুধকুমার নদের পানি সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানিও দ্রুত বাড়তে থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। অনেক গ্রামীণ কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।

নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। সোমবার সকালে কুড়িগ্রামের ধরলা অববাহিকা ছড়ারপাড় এলাকায় তোলা। ছবি: এশিয়া পোস্ট
নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। সোমবার সকালে কুড়িগ্রামের ধরলা অববাহিকা ছড়ারপাড় এলাকায় তোলা। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নদনদীর পানি আরও বাড়িয়ে দিতে পারে।

ধরলা নদীর অববাহিকার ছড়ারপাড় এলাকার কৃষক আতাউর রহমান বলেন, গতকালের পানি বৃদ্ধিতে আমার বিভিন্ন সবজির ক্ষেত তলিয়ে গেছে। এখন খুব দুশ্চিন্তায় আছি, সামনে কী হবে বুঝতে পারছি না।

নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। সোমবার সকালে কুড়িগ্রামের ধরলা অববাহিকা ছড়ারপাড় এলাকায় তোলা। ছবি: এশিয়া পোস্ট
নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। সোমবার সকালে কুড়িগ্রামের ধরলা অববাহিকা ছড়ারপাড় এলাকায় তোলা। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সব নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। দুধকুমার নদের পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে।

তিনি জানান, আগামী তিন থেকে চার দিন পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।