কুড়িগ্রামে গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে অভিযুক্ত মনজু আলমকে (৫৫) ১৫ ফুট উঁচু একটি পরিপক্ব গাঁজা গাছসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনজু বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ ও বিজিবি জানায়, মঙ্গলবার রাতে বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মনজুর নিজ বাড়িতে থাকা ১৫ ফুট উঁচু একটি পরিপক্ব গাঁজাগাছ জব্দ করে। এ সময় পুলিশ ও বিজিবির উপস্থিতি টের পেয়ে মনজু পালানোর চেষ্টা করলে স্থানীয় দুই যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকে রাখতে ঝাপটে ধরেন।
তখন মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা গাঁজা খাওয়ার সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করেন।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।
.png)






