Advertisement

মেঘনা থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
মেঘনা থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার

রাতে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতির কারণে চাঁদপুরের মেঘনা নদী থেকে ছয়টি বাল্কহেডসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন।

তিনি বলেন, সোমবার রাতে মেঘনা নদীর লালপুর ও মিনি কক্সবাজার নামক এলাকা থেকে ছয়টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় সুকানী ও শ্রমিকসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্রমিকরা হলেন—মারুফ শেখ (২৮), মশিউর রহমান চৌকিদার (৪০), ইব্রাহীম মাঝি (৬০), নেয়ামত উল্লয়াহ (২৬), রিপন মাঝি (২৮), সোহেল (২৭), শামীম শেখ (৩৫), রিফাত হাওলাদার (২৪), আল আমিন (৪০), এয়াদুল শিকদার (২৮), শুক্কুর আলী (২৬), ইব্রাহীম শেখ (২৭), সাইফুল ইসলাম (৩০) ও রিয়াদুল (২২)। তারা বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, সিরাজগঞ্জ, কেরানীগঞ্জ ও চাঁদপুর সদরের বাসিন্দা।

ওসি একেএমএস ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার শ্রমিকদের বিরুদ্ধে নৌ-পুলিশের এস আই আবদুল মান্নান ও সুফল কুমার সিংহ বাদী হয়ে ৬টি পৃথক মামলা করেন। দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নদীতে এমন টহল ও অভিযান অব্যাহত থাকবে।