সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন আটকে পড়া দেড়শ পর্যটক

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন আটকে পড়া দেড়শ পর্যটক
নৌকায় করে পর্যটকদের সাজেক ছাড়তে সহায়তা করে সেনাবাহিনী। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটিতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েকটি স্থানে সড়ক ডুবে থাকায় আটকে পড়া পর্যটকদের মধ্যে ১৫০ জন সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মাচালং বাজার, সীমনাছড়া ও বাঘাইহাট বাজার এলাকায় পানিতে ডুবে থাকা সড়কে নৌকা দিয়ে পর্যটকদের পার করে দেওয়া হয়।

বাঘাইহাট সেনা জোন থেকে জানানো হয়, সাজেকে প্রায় ৫৬১ জন পর্যটক আটকা পড়ে। তাদের মধ্যে থেকে ১৫০ জন সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে নিজেদের গন্তব্যে রওনা হয়েছেন। এর মধ্যে ১০০ জনের মতো পুরুষ ৪০ জনের মতো নারী ও ১০ জন শিশু ছিল। অন্য যারা আছেন তাদের জন্যেও ব্যবস্থা নেওয়া হবে।

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির দিঘীনালা-বাঘাইহাট-মাচালং সাজেক সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েন চার শতাধিক পর্যটক।

উদ্ভুত পরিস্থিতিতে গত মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, যাদের জরুরি কাজ ছিল, তাদের অনেকে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন। অন্যরা এখনও আছেন। পানি কমলে তারা বের হয়ে আসবেন।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রথম দিন যারা আটকা পড়েন, তারা রুম সার্ভিস ফি দিয়ে ছিলেন। পরে সাজেক রিসোর্ট মালিক সমিতির সঙ্গে কথা বলে তাদের থাকা-খাওয়া ফ্রি করে দেওয়া হয়ে। পানি কিছুটা কমে আসায় ও যাদের জরুরি কাজ আছে এমন ১৫০ জন ইতোমধ্যে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন।

বিষয় :রাঙামাটি