গণপিটুনিতে যুবক নিহত, কারণ নিয়ে ধোঁয়াশা

নরসিংদীর রায়পুরায় গণপিটুনিতে নাসির মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নাসির মিয়া ওই এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে জংলী শিবপুর বাজার এলাকায় হঠাৎ একদল লোক উত্তেজিত হয়ে মব বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। একপর্যায়ে তাদের গণপিটুনিতে নাসির গুরুতর আহত হন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সূত্রপাত করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে নাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী এটি গণপিটুনির ঘটনা বলে জানা গেছে। তবে এর পেছনের কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




