বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
জাহেদুল আলম জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার নিজ বাগানবাড়ির সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আওয়াল জানান, রাতে মিঠামইন বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩-৪ জন অজ্ঞাত দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে বাঁচাতে গেলে সাথে থাকা কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অনন্ত বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহেদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।