দুর্গম থুইসাপাড়ায় আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
দুর্গম থুইসাপাড়ায় আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি
থুইসাপাড়ায় আটকে পড়া ৪ পর্যটককে নিরাপদে উদ্ধার করে বিজিবি। ছবি: এশিয়া পোস্ট

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ায় বান্দরবানের দুর্গম থুইসাপাড়া এলাকায় আটকে পড়া চার পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকাজে অংশ নেয় বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই আমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে ওই চার পর্যটক বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চল থুইসাপাড়ায় যান। তবে ৭ জুলাই থেকে হঠাৎ শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে তারা সেখানে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া এবং নদী ও ঝিরিগুলোতে পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় তাদের পক্ষে নিজে থেকে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ে।

পর্যটকদের আটকে পড়ার খবর পাওয়া মাত্রই বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশনায় জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রাথমিকভাবে পর্যটকদের নিরাপদ আশ্রয়, খাবার ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।

পরবর্তীতে ১১ জুলাই জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প থেকে একটি বিশেষ উদ্ধারকারী দল অত্যন্ত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে থুইসাপাড়ায় পৌঁছায়। সেখান থেকে পর্যটকদের সঙ্গে নিয়ে বিকল্প পাহাড়ি পথ ধরে হেঁটে জিন্নাপাড়া, হালিরামপাড়া ও নিকোলাসপাড়া হয়ে অংসাউপাড়া এলাকায় পৌঁছান বিজিবি সদস্যরা। তবে পথে একাধিক স্থানে পাহাড়ধস, দিনভর বৃষ্টি এবং ঝিরিতে তীব্র স্রোত থাকায় সেদিনই তাদের সীমান্ত সড়কে নিয়ে আসা সম্ভব হয়নি। ফলে রাতে অংসাউপাড়ায় বিজিবির তত্ত্বাবধানে তাদের নিরাপদে রাতযাপনের ব্যবস্থা করা হয়।

রোববার (১২ জুলাই) সকালে বিজিবির আরেকটি বিশেষ দল পর্যটকদের নিয়ে পুনরায় রওনা দেয় এবং প্রায় চার ঘণ্টা অত্যন্ত দুর্গম পথ হেঁটে সীমান্ত সড়কসংলগ্ন নেপিউপাড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে বিজিবির নিজস্ব যানবাহনের মাধ্যমে পর্যটকদের নিরাপদে থানচি উপজেলা সদরে নিয়ে আসা হয়।

অতি দুর্গম পাহাড়ি পথ, প্রাকৃতিক দুর্যোগ এবং জীবনের ঝুঁকি উপেক্ষা করে বিজিবি সদস্যদের এই পেশাদারত্ব, ধৈর্য ও সাহসিকতাপূর্ণ উদ্ধার অভিযান সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

এই সফল অভিযান প্রসঙ্গে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এশিয়া পোস্টকে বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো মানবিক সংকট ও জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকা বিজিবির অন্যতম মূল দায়িত্ব। চরম বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিবেশ সত্ত্বেও আমাদের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে বিজিবি এভাবে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের পাশে থাকবে।