Advertisement

গলায় ছুরিকাহত শিশুটিকে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া গেছে

এশিয়া পোস্ট নিউজ
গলায় ছুরিকাহত শিশুটিকে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া গেছে

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার সাত বছরের শিশুটিকে ধর্ষণ চেষ্টার আলামত পেয়েছেন চিকিৎসকরা। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি আছে।

সোমবার (০২ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এশিয়া পোস্টকে বলেন, শিশুটির গলায় ছুরিকাঘাত করা হয়েছিল। তার গলায় অপারেশন হয়েছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আছে। শুনেছি তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছিল। ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত বলা যাবে।

ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) এক কর্মকর্তা বলেন, শিশুটির গলা ও হাতে আঘাত আছে। সে কথা বলতে পারছে না। গলার চিকিৎসার জন্য তাকে নাক কান গলা বিভাগে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাকে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া গেছে। আমরা ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করেছি। ফলাফল পেলে বিষটি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে রোববার সকাল ১০টার দিকে ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে তারা পাহাড় থেকে নামিয়ে এনে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল হাসপাতাল গিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝরনার অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটি গলাকাটা অবস্থায় পড়ে ছিল। এ সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সেখানে সড়কটির সংস্কারের কাজে থাকা শ্রমিকরা শিশুটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। তাদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে তারা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, শিশুটির বাড়ি কুমিরা। সে কীভাবে এত সকালে ইকোপার্কের ভেতরে পাহাড়ের এত ওপরে গেল, তা জানার চেষ্টা করছেন তারা। সে এখন কথা বলতে পারছে। আরেকটু সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে।