Advertisement

দিনাজপুরে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
দিনাজপুরে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে নয়জন ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে সীমান্ত রক্ষাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) ভোরে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে এ ঘটনা ঘটে। ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার ভোররাতে ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় শ্রীরামপুর এলাকার ২৯১ নম্বর পিলারের ২০-এস এলাকা দিয়ে ওই ৯ নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্য ও গ্রামবাসীর সম্মিলিত প্রতিহতের মুখে বিএসএফ সদস্যরা তাদের সরিয়ে নিতে বাধ্য হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পুশইনের চেষ্টা পণ্ড হয়ে গেলে ওই নারীরা পুনরায় ভারতে ফিরে যান।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, হঠাৎ করে ভোরে বাঁশির শব্দে ঘুম ভেঙে যায়। বাড়ি থেকে বাইরে এসে দেখি নয়জন মহিলা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ সময় আমরা গ্রামের বাসিন্দারা তাদের প্রতিহত করি। আমরা ভোর থেকে এখনো পুরো গ্রামবাসী এখানে অবস্থান করছি।

স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শুকুর আলী জানান, শনিবার ভোরে ভাইগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা নয়জন নারীকে জোর করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। পরে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা মিলে তাদের প্রতিহত করেন। সকালে ওই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতি বাড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার টি আলম জানান, ভারত থেকে অবৈধ পথে নয়জন নারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের ভারত সীমান্তে ফেরত পাঠায়। সীমান্ত দিয়ে কোনো ভারতীয় ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি টহল বৃদ্ধি করেছে।

বিষয় :দিনাজপুর