মানিকগঞ্জে হেরোইনসহ আটক দুই যুবককে গণপিটুনি

মানিকগঞ্জ পৌর এলাকায় হেরোইনসহ দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়া হলে বিচারক উভয়কে তিন মাস করে কারাদণ্ড দেন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর এলাকার জয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন পৌর এলাকার বান্দুটিয়া গ্রামের মো. সজিবুল ও সদর উপজেলার চান্দহর গ্রামের শরীফ হোসেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জয়রা এলাকায় এক মাদকব্যবসায়ীর কাছ থেকে হেরোইন কেনেন ওই দুই যুবক। বিকেল ৫টার দিকে জয়রা কড়ইতলা এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই পুরিয়া হেরোইন পাওয়া গেলে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে। পরে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বসাক বলেন, দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে রাতে কারাগারে পাঠানো হয়েছে।
.png)






