মিরপুরে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়ালচাপায় নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাছিমা বেগম মিরপুর-২ এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনা সম্পর্কে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে কলেজের দেয়ালের পাশে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানা প্রাচীরের একটি অংশ ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়। পরে তিনি মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
.png)






