বগুড়ায় সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার
এশিয়া পোস্ট গ্রাফিক্স

বগুড়ার দুপচাঁচিয়ায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত এক জামায়াত নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে মারা যান সম্রাট হোসেন বাপ্পা নামে ওই নেতা। এর আগে গত ২৫ জুন সংঘর্ষে আহত হন তিনি।

সম্রাট হোসেন বাপ্পা (৪১) উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি ছিলেন। এ ঘটনায় করা মামলায় নিহতের চাচা স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা দুই ভাই রফিক আকন্দ ও আব্দুল করিম আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৫ জুন দুপুরে এ বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, আব্দুল করিম তার সমর্থকদের নিয়ে রফিক আকন্দের ওপর হামলা করেন। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে রফিক আকন্দের ছেলে সম্রাট হোসেন বাপ্পাকেও মারধর করা হয়।

এ ঘটনায় রফিক আকন্দ, তার স্ত্রী জোসনা বেগম এবং সম্রাট হোসেন বাপ্পা আহত হন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সম্রাটের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।

সংঘর্ষের ঘটনায় সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে ২৭ জুন দুপচাঁচিয়া থানায় আব্দুল করিম আকন্দসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

পুলিশ জানায়, মামলার পর গত ১ জুলাই রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দাড়ালকুল গ্রাম থেকে আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করা হয়।

ওসি তাজমিলুর রহমান বলেন, দুই ভাইয়ের একজন বিএনপির রাজনীতির সঙ্গে এবং অন্যজন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটে। এতে আহত সম্রাট হোসেন বাপ্পা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলার তদন্ত চলছে।