‘নেইমারের হার মানতে পারছি না’, পোস্টের ৩০ মিনিট পর যুবকের মৃত্যু

প্রিয় ফুটবল দল ব্রাজিলের পরাজয় আর তারকা খেলোয়াড় নেইমারের বিদায় নিয়ে ফেসবুকে পোস্ট করার আধা ঘণ্টার মাথায় লাশ হলেন মো. জুয়েল রানা (২৭) নামের এক তরুণ।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার পর চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের শীলকূপ ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল রানা (২৭) চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা এবং বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় ওঠেন জুয়েল। পথে চট্টগ্রামমুখী একটি নিবন্ধনহীন অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে অটোরিকশার দুই যাত্রী জুয়েল ও রেজাউল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। আহত রেজাউল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত্যুর আধা ঘণ্টা আগের ফেসবুক পোস্ট ভাইরাল
এদিকে জুয়েল রানার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ ফেসবুক পোস্টটি এক হৃদয়বিদারক আলোচনার জন্ম দিয়েছে। দুর্ঘটনার মাত্র আধা ঘণ্টা আগে ব্রাজিলের খেলা নিয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টায় পোস্টটিতে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং দেড় হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে। শোকস্তব্ধ বন্ধুরা পোস্টের নিচে মন্তব্য করছেন। নাজিম আহমেদ নামে একজন লিখেছেন, ‘তোমারটাও মানতে পারছি না ভাই। তুমি দুনিয়াতে নাই।’
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা একটি অটোরিকশা আটক করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





