Advertisement

চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর অটোচালকদের অতর্কিত হামলা

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর অটোচালকদের অতর্কিত হামলা
চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ওপর অটোচালকদের অতর্কিত হামলা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা অতর্কিত হামলা চালিয়ে বলে অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেলে আগ্রাবাদ মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আগ্রাবাদ থেকে সিডিএ আবাসিক এলাকা রুটে ‘ম্যাক্সিমা’ গাড়ি চালানোকে কেন্দ্র করে ম্যাক্সিমা চালক ও অটোরিকশাচালকদের মধ্যে স্বার্থগত দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে ট্রাফিক পুলিশের ছত্রচ্ছায়ায় এসব গাড়ি চলছে—এমন গুজব ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে কতিপয় অটোরিকশাচালক সংঘবদ্ধ হয়ে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) আমিনুর রশিদ এশিয়া পোস্টকে বলেন, হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে মামলা করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে, গত শনিবার (২৫ জুলাই) নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। এক সপ্তাহের ব্যবধানে নগরীতে পুলিশের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা।