Advertisement

মাধ্যমিক বিদ্যালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রচারণার নির্দেশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
মাধ্যমিক বিদ্যালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রচারণার নির্দেশ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ। ছবি: সংগৃহীত

দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রচারণার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনলাইন ও অনস্পট (সরাসরি) রেজিস্ট্রেশন কার্যক্রম গত ১ জুলাই থেকে শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

এই কর্মসূচি সফল করতে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোর ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো:

১. প্রতি শ্রেণিতে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের এই প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করতে হবে।

২. বিদ্যালয়ের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদর্শন করতে হবে।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে অনুমোদিত ড্রপ ডাউন ব্যানার প্রদর্শন করতে হবে। এবং

৪. বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচির ব্যাপক প্রচারণা চালাতে হবে।