জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ 

এশিয়া পোস্ট নিউজ
জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ 

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার আসামিদের ও ওসমান হাদির খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। 

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্র (টিএসসি) হতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। রাজু ভাস্কর্যে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। 

এ সময় তাদের ‘শিক্ষা আর ছাত্রলীগ, একসাথে চলে না’, ‘জাস্টিস জাস্টিস, জাস্টিস ফর হাদি’, ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘ লীগ পাব যেখানে, জেলে দেব সেখানে’, ‘লীগ আর বাংলাদেশ, একসাথে চলে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা’, ‘তার্কি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ ‘৭১-এর বাংলায়, বাকশালীদের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বাকশালীদের ঠাঁই নাই’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়। 

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, জুলাই অভ্যুত্থানের পর দুই বছর পার হয়ে গেছে। কিন্তু যারা জুলাইয়ে রাজপথ রঞ্জিত করেছে তাদের বিচার এখনো হয়নি। তারা ভারতে পালিয়েছে। তারা ভারতে বসে নানা রকম রাজনৈতিক ষড়যন্ত্র করে যাচ্ছে। 

ভারতের শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, আলীগড় বিশ্ববিদ্যালয়সহ কলকাতার শিক্ষার্থীদের আহ্বান জানাই, আপনারা সরকারের নিকট দাবি জানান। আপনারা জুলাইয়ে আমাদের আন্দোলনে সংহতি জানিয়েছিলেন। আপনাদের দেশে একজন গণহত্যার আসামিকে আশ্রয় দেওয়া হয়েছে। 

জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দিয়েছিলাম। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে। ছাত্রলীগের প্রলয় গ্যাং সারাদেশে আলোচনার জন্ম দিয়েছিল। সেই প্রলয় গ্যাং আবার নতুন করে হাজির হয়েছে। আমরা মনে করি, এদের দ্বারা ক্যাম্পাসকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।  

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরি বলেন, আজকে এই রাজু ভাস্কর্য থেকে আমরা ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিদের বলতে চাই, আমরা ছাত্রলীগ-আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যবদ্ধ হন। আওয়ামী লীগ ফিরে এলে আপনারা কেউ ভালোমতো আপনাদের রাজনীতি করতে পারবেন না। 

বিক্ষোভ মিছিলে জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।