লিচু বেশি খাওয়া কতটা ঝুঁকিপূর্ণ

গ্রীষ্মকাল এলেই বাজারে ফলের ভিড়ে লিচুর কদর বেড়ে যায়। রসালো ও মিষ্টি এই ফলটি ছোট-বড় সবারই পছন্দের তালিকায় থাকে। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় লিচু শরীরের জন্য উপকারীও বটে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিমাণের বেশি লিচু খেলে উল্টো উপকারের বদলে ক্ষতি হতে পারে। বিশেষ করে খালি পেটে লিচু খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
লিচুতে থাকা প্রাকৃতিক কিছু উপাদান রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলতে পারে। এতে অনেক সময় হঠাৎ দুর্বলতা, মাথা ঘোরা বা শরীর ক্লান্ত হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এই ফল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. কিরণ গুপ্তা জানান, পরিমিত পরিমাণে লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে ওঠানামা করতে পারে। বিশেষ করে খালি পেটে লিচু খাওয়া সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এতে শরীরে হঠাৎ দুর্বলতা, মাথা ঘোরা, বমিভাব এবং ক্লান্তি দেখা দিতে পারে। পাশাপাশি অতিরিক্ত লিচু খেলে পেটের সমস্যা, গ্যাস, অম্বল, ডায়রিয়া এবং অ্যালার্জির ঝুঁকিও বাড়তে পারে।
কতটা লিচু খাওয়া নিরাপদ
বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ মানুষ দিনে গড়ে ৮ থেকে ১০টি লিচু খেতে পারেন। এর বেশি না খাওয়াই ভালো। লিচু খাওয়ার আগে অবশ্যই পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে খোসার কোনো ক্ষতিকর উপাদান শরীরে না যায়।
খালি পেটে লিচু খাওয়া একেবারেই এড়িয়ে চলা উচিত। শিশুদের ক্ষেত্রেও এই নিয়ম মানা জরুরি। ফ্রিজে রাখা ঠান্ডা লিচু সরাসরি না খেয়ে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে খাওয়া ভালো।
কারা সতর্ক থাকবেন
কিছু মানুষের ক্ষেত্রে লিচু খাওয়ার আগে বিশেষ সতর্কতা প্রয়োজন। যেমন ডায়াবেটিস রোগী, যাদের রক্তে শর্করা কম থাকে, যাদের অ্যালার্জির সমস্যা আছে এবং যাদের হজমের সমস্যা রয়েছে, তাদের লিচু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
গরমের এই সুস্বাদু ফলটি উপভোগ করা যায়, তবে অবশ্যই পরিমিত পরিমাণে। সামান্য সতর্কতা মেনে চললেই লিচুর স্বাদ ও উপকার দুটোই পাওয়া সম্ভব, স্বাস্থ্যঝুঁকি ছাড়াই।
সূত্র: টিভি ৯
.png)






