আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেন সংবিধানের ব্যাখ্যা

সরকারের মন্ত্রীদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী দেন সংবিধানের ব্যাখ্যা।
রোববার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশে মব সংস্কৃতি চালু থাকলে ধর্ষণ ও অন্যায়ের মতো অপরাধ আরও বাড়বে। বিগত সময়ে পুলিশ বাহিনীকে মব দিয়ে কোণঠাসা ও চাকরিচ্যুত করা হয়েছে। যার কারণে এখন পুলিশ দিয়ে ঠিকমতো কাজ করানো যাচ্ছে না।
তার মতে, দ্রুত অন্যায়ের বিচার করা না হলে অপরাধীদের অপরাধ করার সাহস দিন দিন বাড়তেই থাকবে।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ‘মব’ বা গণপিটুনির তীব্র সমালোচনা করে তিনি বলেন, গত দুই বছর ধরে যারা দেশে মব সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে বিচার করতে একটি শক্তিশালী ‘মববিরোধী কমিশন’ গঠন করা উচিত।
তিনি সরকারকে রোগীর চিকিৎসা না করে রোগের চিকিৎসা করার আহ্বান জানান।
জাপা মহাসচিব বলেন, জিএম কাদেরের নেতৃত্বে এবং জাতীয় পার্টির একক নেতৃত্বে আগামীতে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন হবে।
.png)






