Advertisement

মেসিদের সেই সৌদি-হারের রেফারিই বিশ্বকাপ ফাইনালে

এশিয়া পোস্ট স্পোর্টস
মেসিদের সেই সৌদি-হারের রেফারিই বিশ্বকাপ ফাইনালে
স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ছবি: এএস

আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। ভিনচিচের সঙ্গে দুই ফাইনালিস্টেরই রয়েছে পুরোনো পরিচয়। তবে স্মৃতিটা আর্জেন্টিনার জন্য তিক্ত, স্পেনের জন্য সুখকর।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের ঐতিহাসিক জয়ের ম্যাচটির রেফারি ছিলেন ভিনচিচ। ২০২২ সালের সেই গ্রুপ ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। যদিও পরে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতেছিল লিওনেল স্কালোনির দল।

স্পেনের ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। ভিনচিচের পরিচালনায় আগের পাঁচ ম্যাচের কোনোটিতেই হারেনি স্প্যানিশরা। তিনটি জয় ও দুটি ড্র রয়েছে তাদের। ২০২৪ ইউরোর সেমিফাইনালে স্পেনের ২-১ গোলে ফ্রান্সকে হারানোর ম্যাচটিও পরিচালনা করেছিলেন এই স্লোভেনিয়ান।

ফাইনালে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পেয়েছেন জর্ডানের আদহাম মাখাদমেহ। রিজার্ভ সহকারী তার স্বদেশি মোহাম্মদ আল-কালাফ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে থাকবেন জার্মানির বাস্তিয়ান ডানকার্ট।

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ হলেও প্রথমবার বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করতে যাচ্ছেন তিনি। এর আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের একাধিক বড় ফাইনালে দায়িত্ব পালন করেছেন।

২০২২ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্সের মধ্যকার ইউরোপা লিগ ফাইনালের রেফারি ছিলেন ভিনচিচ। ২০২৪ সালে ওয়েম্বলিতে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়নস লিগ ফাইনালও পরিচালনা করেন তিনি। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল রিয়াল।

চলতি বিশ্বকাপে ফাইনালের আগে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। ব্রাজিল-মরক্কো ও জর্ডান-আলজেরিয়ার গ্রুপ ম্যাচের পর শেষ বত্রিশে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে দায়িত্বে ছিলেন তিনি। এসব ম্যাচে সাতটি হলুদ এবং একটি লাল কার্ড দেখিয়েছেন স্লোভেনিয়ান রেফারি।

রেফারিং নিয়ে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচে বিতর্ক তৈরি হওয়ায় ফাইনালে ভিনচিচের সিদ্ধান্তগুলোর ওপর বাড়তি নজর থাকবে। মিসর ও সুইজারল্যান্ডের কোচেরা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন। যদিও মেসি সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের সাফল্য কেউ উপহার দেয়নি।

নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ১৯ জুলাই স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। বাংলাদেশ সময় আর্জেন্টিনা-স্পেনের শিরোপার লড়াই শুরু হবে ২০ জুলাই রাত ১টায়।