বিশ্বকাপের আগে ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে যাওয়ার আগেই মাঠের বাইরের বড় ঝামেলায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। কয়েকজন ফুটবলার এখনও ভিসা না পাওয়ায় মেক্সিকোর উদ্দেশ্যে দলটির যাত্রা পিছিয়ে গেছে।
দক্ষিণ আফ্রিকার দলটির চার্টার্ড ফ্লাইটে মেক্সিকোর পাচুকায় যাওয়ার কথা ছিল। সেখানে বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প করার কথা তাদের। তবে দক্ষিণ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনের তথ্য অনুযায়ী, ভিসা জটিলতার কারণে সেই যাত্রা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়েছে।
দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, সাফার এই ভ্রমণ ও ভিসা জটিলতা বিব্রতকর এবং খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রতি অন্যায়। কারা এই পরিস্থিতির জন্য দায়ী, সে বিষয়ে রিপোর্ট চেয়েছেন বলেও জানান তিনি। ম্যাকেঞ্জির ভাষায়, ‘আমাদের বোকা বানানো হচ্ছে।’
বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার ফেরা এবার বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১০ সালে আয়োজক হিসেবে বিশ্বকাপ খেলার পর এবারই প্রথম বৈশ্বিক আসরে ফিরছে তারা। তবে মাঠে নামার আগেই প্রশাসনিক জটিলতা দলটির প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই খেলবে সহআয়োজক মেক্সিকোর বিপক্ষে। ১১ জুন মেক্সিকো সিটিতে হবে সেই ম্যাচ। এরপর গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ চেক রিপাবলিক ও দক্ষিণ কোরিয়া। ১৮ জুন আটলান্টায় চেকদের বিপক্ষে এবং ২৪ জুন মন্টেরেতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা আগেও প্রশাসনিক ভুলের কারণে ঝুঁকিতে পড়েছিল। বাছাইপর্বে লেসোথোর বিপক্ষে ২-০ জয়ের ম্যাচে নিষিদ্ধ থাকা তেবোহো মোকোয়েনাকে খেলানোয় সেই ম্যাচের ফল বাতিল করা হয়েছিল। হলুদ কার্ডের নিষেধাজ্ঞা থাকার পরও তাকে মাঠে নামানো হয়েছিল।
তবে সেই ধাক্কা সামলেও বাছাইপর্বের গ্রুপে নাইজেরিয়া ও বেনিনের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
এবার ভিসা জটিলতা নতুন করে অস্বস্তি তৈরি করল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে প্রস্তুতি, ভ্রমণ ও মানসিক স্থিতি, সবকিছুই গুরুত্বপূর্ণ। সেই সময়ে যাত্রা পিছিয়ে যাওয়া কোচ হুগো ব্রুসের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
.png)






