আরেকটি বিশ্বকাপ এনে দিতে না পারায় দুঃখিত স্কালোনি

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের খুব কাছে পৌঁছেও ফিরতে হয়েছে শূন্য হাতে। স্পেনের কাছে ফাইনালে হারের এক সপ্তাহ পর সেই আক্ষেপ নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল স্কালোনি।
নিজ শহর পুজাতো ছেড়ে পরিবারের কাছে ফেরার পর ইনস্টাগ্রামে দীর্ঘ বার্তাটি দেন আর্জেন্টিনা কোচ। শুরুতেই তিনি লিখেছেন, ‘আরেকটি কাপ এনে দিতে না পারায় আমি দুঃখিত।’
স্কালোনি জানান, আরেকটি শিরোপা জিতে দেশের মানুষকে নতুন করে আনন্দ দিতে চেয়েছিলেন। অন্তত কয়েক দিনের জন্য হলেও জীবনের কঠিন ও দুঃখজনক বিষয়গুলো ভুলিয়ে দেওয়ার সেই সুযোগ কাজে লাগাতে না পারার বেদনাই তাকে সবচেয়ে বেশি পোড়াচ্ছে।
বিশ্বকাপ শেষে কেটে যাওয়া সপ্তাহটিকে দুঃখ ও আনন্দ, কান্না ও হাসি এবং অস্থিরতা ও শান্তির মিশ্র অনুভূতির সময় হিসেবে বর্ণনা করেছেন ৪৮ বছর বয়সী কোচ।
খেলোয়াড়দের প্রতি অবশ্য গর্বের কোনো ঘাটতি নেই স্কালোনির। স্ত্রীকে আর্জেন্টিনার ফুটবলারদের কথা বলার সময় তাদের ‘আমার যোদ্ধারা’ বলে ডাকেন বলেও জানিয়েছেন তিনি। প্রতিকূল পরিস্থিতিতে হার না মানা, শরীর আর সায় না দিলেও লড়াই চালিয়ে যাওয়া এবং সমালোচনার চাপ সামলে উঠে দাঁড়ানোকেই দলের সত্যিকারের অর্জন মনে করেন স্কালোনি।
কোচিং দলের সদস্য, ফুটবলার এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নেপথ্যে কাজ করা প্রত্যেকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। সমর্থকদের উদ্দেশে বার্তার শেষে লিখেছেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি সম্পদ আছে।’
২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন স্কালোনি। তখন নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন তিনি।
আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তি শেষ হবে আগামী ডিসেম্বরে। নতুন বার্তায় সমর্থক, খেলোয়াড় ও সহকর্মীদের ধন্যবাদ জানালেও জাতীয় দলের দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে কোনো ঘোষণা দেননি তিনি।
.png)






