Advertisement

ভিসা অনিশ্চয়তার মধ্যেই বিশ্বকাপের বেস ক্যাম্পে যাচ্ছে ইরান

এশিয়া পোস্ট স্পোর্টস
ভিসা অনিশ্চয়তার মধ্যেই বিশ্বকাপের বেস ক্যাম্পে যাচ্ছে ইরান
ইরান ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে ভিসা জটিলতা নিয়েই মেক্সিকোর উদ্দেশে রওনা হচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের ভিসা এখনো নিশ্চিত না হলেও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শনিবার বেস ক্যাম্পে যাওয়ার কথা জানিয়েছে দেশটির জাতীয় ফুটবল দল।

ইরান দলের অফিসিয়াল স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট জানিয়েছে, আগামী ৬ জুন শনিবার তুরস্কের আনতালিয়া থেকে তিজুয়ানার উদ্দেশে রওনা হবে দলটি। স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে যাত্রা শুরু করে স্পেন হয়ে মেক্সিকোতে পৌঁছানোর কথা তাদের। সূচি অনুযায়ী, ৭ জুন ভোরে তিজুয়ানায় পৌঁছাবে ইরান দল।

২০২৬ বিশ্বকাপে ইরানের বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। এ কারণেই যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অনিশ্চয়তা দলটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই, অথচ এখনো তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়টি পরিষ্কার নয়।

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ এর আগে জানিয়েছিলেন, প্রথমে মেক্সিকোর ভিসা পাওয়ার কথা, এরপর দ্রুত যুক্তরাষ্ট্রের ভিসাও ইস্যু হওয়ার কথা। তবে ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, দুই দেশের ভিসা পাওয়া গেছে কি না।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গত মাস থেকে তুরস্কে অনুশীলন করছে ইরান। আনতালিয়ায় দুটি ক্যাম্পে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। নাইজেরিয়ার কাছে হারলেও কোস্টারিকা ও গাম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে টিম মেল্লি। মেক্সিকো যাওয়ার আগে বৃহস্পতিবার মালির বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। ম্যাচটি হবে দর্শক ও সংবাদমাধ্যমের জন্য বন্ধ দরজার আড়ালে।

ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, কোচের ট্যাকটিক্যাল পরিকল্পনা বিবেচনায় মালির বিপক্ষে ম্যাচটি মিডিয়া উপস্থিতি ছাড়া আয়োজন করা হবে। বিশ্বকাপের ঠিক আগে দলীয় কৌশল গোপন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানও ইরানের জন্য পরিস্থিতি জটিল করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনেট ফরেন রিলেশনস কমিটির শুনানিতে বলেছেন, বিশ্বকাপ প্রতিনিধি দলের আড়ালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, যারা ক্রীড়ার সঙ্গে সম্পর্কিত নন কিন্তু প্রতিনিধি দলের সঙ্গে ঢোকার চেষ্টা করতে পারেন, তাদের বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক থাকবে।

এর আগে কানাডায়ও ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদল সমস্যায় পড়েছিল। ভ্যাঙ্কুভারে বিশ্বকাপ–পূর্ব ফিফা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে টরন্টো পিয়ারসন বিমানবন্দর থেকে ফিরে যায় ইরানের প্রতিনিধিদল। তাদের দাবি ছিল, কানাডার অভিবাসন কর্মকর্তাদের আচরণ গ্রহণযোগ্য ছিল না।

ইরান এবার বিশ্বকাপের গ্রুপ জি-তে খেলবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ তাদের। একই ভেন্যুতে ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন, সিয়াটলে প্রতিপক্ষ মিশর।