Advertisement

আলজেরিয়ার বিপক্ষে মেসিকে পাবে তো আর্জেন্টিনা?

এশিয়া পোস্ট স্পোর্টস
আলজেরিয়ার বিপক্ষে মেসিকে পাবে তো আর্জেন্টিনা?
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগে লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনার উদ্বেগ পুরোপুরি কাটেনি, তবে আপাতত বড় দুঃসংবাদও নেই। আর্জেন্টিনার সুপারস্টারের ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়ার পর পরীক্ষায় মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত চাপ ধরা পড়েছে। এখন তার মাঠে ফেরার সময় নির্ভর করবে শারীরিক অবস্থার উন্নতি ও মাঠে ফেরার সক্ষমতার ওপর।

রোববার ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে ৭৩ মিনিটে বদলি হন মেসি। ফ্রি-কিক নেওয়ার পর বাঁ ঊরুর পেছনের অংশে হাত দিতে দেখা যায় তাকে। এরপর আর ঝুঁকি নেননি আর্জেন্টাইন অধিনায়ক, সরাসরি ড্রেসিংরুমে চলে যান। তবে মাঠ ছাড়ার সময় তার কারও সহায়তা লাগেনি, যা আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির দিক।

ইন্টার মায়ামির বিবৃতিতে বলা হয়েছে, সোমবার আরও পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিকভাবে বাঁ হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির সঙ্গে সম্পর্কিত ওভারলোড ধরা পড়েছে। ক্লাবটি নির্দিষ্ট করে জানায়নি, মেসি কবে আবার পূর্ণ অনুশীলনে ফিরবেন। তার ফেরার বিষয়টি নির্ভর করবে চিকিৎসা-পর্যবেক্ষণ ও কার্যকরী অগ্রগতির ওপর।

ম্যাচ শেষে ইন্টার মায়ামি কোচ গিয়ের্মো হয়োসও বিষয়টিকে বড় চোট হিসেবে দেখাননি। তার ভাষ্য, মেসি ক্লান্ত ছিলেন, মাঠও ভারী ছিল; তাই ঝুঁকি না নেওয়াই ছিল সঠিক সিদ্ধান্ত। মেসি উঠে যাওয়ার সময় ম্যাচে স্কোর ছিল ৪-৪। পরে আরও দুই গোল করে ৬-৪ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি।

আর্জেন্টিনার জন্য হিসাবটা এখন সময়ের। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মেসি অস্বস্তি অনুভব করার দিন থেকে সেই ম্যাচ পর্যন্ত সময় আছে ২৩ দিন। এর আগে ৬ জুন হন্ডুরাস ও ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার।

গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। এখনও ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেননি কোচ লিওনেল স্কালোনি। তবে মেসির ফিটনেস যে সেই ঘোষণার আগেই আর্জেন্টিনার সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে, তা বলাই যায়।

এবার মাঠে নামলে এটি হবে মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের পর ২০২৬ বিশ্বকাপেও খেলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছয় বিশ্বকাপ খেলার রেকর্ড ভাগ করবেন তিনি। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা মেসিই এখন পর্যন্ত এই পুরস্কার দুবার পাওয়া একমাত্র ফুটবলার।