খেলোয়াড়দের মারামারি থামাতে গিয়ে মাথায় আঘাত নারী রেফারির

মাঠের পাশেই বড় অক্ষরে লেখা ছিল, ‘রেফারিকে সম্মান করুন’। অথচ সেই বার্তার সামনেই দুই দলের খেলোয়াড়দের মারামারি থামাতে গিয়ে মাটিতে ছিটকে পড়লেন নারী রেফারি মাতিল্দ দেমোঁসে। মাথায় আঘাত পেয়ে কনকাশনে আক্রান্ত হয়েছেন ২৬ বছর বয়সী এই ম্যাচ কর্মকর্তা।
ফরাসি ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিটার্ডের মধ্যকার প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে শনিবার ঘটনাটি ঘটে। পূর্ব ফ্রান্সের ফোরবাখে শ্লসবের্গ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটি ৩-১ গোলে জেতে মেৎজ। তবে ফল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ।
ম্যাচের ৪০ মিনিটে এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরাকে কেন্দ্র করে দুই দলের দুজন মুখোমুখি অবস্থান নেন। মুহূর্তের মধ্যেই তাঁদের ঘিরে জড়ো হন আরও কয়েকজন ফুটবলার। উত্তেজনা দ্রুত হাতাহাতিতে রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যান দেমোঁসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করার সময় ধাক্কাধাক্কির মধ্যে ভারসাম্য হারিয়ে সজোরে মাটিতে পড়ে যান তিনি। কয়েক মিনিট মাঠেই পড়ে ছিলেন দেমোঁসে। এ সময় তাঁকে একটি হাত ধরে রাখতে দেখা যায়।
Terrible image d'une échauffourée lors du match amical Metz-Fortuna Sittard, quand Lequincio Zeefuik réagit mal à un tirage de maillot de Jessy Deminguet.
— 🇫🇷 Foot néerlandais 🇳🇱 (@Foot_NL) July 25, 2026
Dans l'agitation, l'arbitre de la rencontre Mathilde Demoncay a fini à terre.
[🎥: @FossoSzn] pic.twitter.com/yrNauDt2J9
সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসকেরা দ্রুত মাঠে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন। খেলা পুনরায় শুরু হলে সহকারী রেফারির দায়িত্বে আবার মাঠে দাঁড়িয়েছিলেন দেমোঁসে। তবে বিরতিতে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধে তাঁর জায়গায় দায়িত্ব পালন করেন অন্য একজন সহকারী রেফারি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেমোঁসে কনকাশনে আক্রান্ত হয়েছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফরচুনা সিটার্ড নিজেদের ওয়েবসাইটের ম্যাচ প্রতিবেদনে ঘটনাটিকে ‘অস্বাভাবিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত কোনো মন্তব্য করেনি। মেৎজের প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটির উল্লেখই ছিল না।
মাঠের যে জায়গায় খেলোয়াড়েরা সংঘর্ষে জড়িয়েছিলেন, ঠিক তার পেছনেই দৃশ্যমান ছিল ‘রেফারিকে সম্মান করুন’ লেখা বড় বিজ্ঞাপনটি। ফুটবলের পরিচিত সেই বার্তার সামনে রেফারিরই আহত হওয়ার দৃশ্য ঘটনাটিকে আরও বিব্রতকর করে তুলেছে।
.png)






