আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে পাওয়া গেল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ নয়। আরও কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলার পর দেশের মাটিতে বিশেষ একটি ম্যাচের মাধ্যমে বিদায় নিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। এমনটাই দাবি তুলেছে সংবাদমাধ্যম বেইন স্পোর্টস।
স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে প্রতিবেদনটির দাবি, এখনই আর্জেন্টিনা থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরিকল্পনা নেই ৩৯ বছর বয়সী তারকার।
আর্জেন্টিনা থেকে প্রকাশিত একাধিক প্রতিবেদনের বরাত দিয়ে বেইন স্পোর্টস জানিয়েছে, আগামী কয়েক মাস লিওনেল স্কালোনির দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান মেসি। এরপর আর্জেন্টিনার মাটিতে আয়োজন করা হবে তার বিশেষ বিদায়ী ম্যাচ।
মেসির বিদায় যেন হঠাৎ কোনো ঘোষণা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তার মাধ্যমে না হয়, সেটিই বর্তমান পরিকল্পনা। দেশের সমর্থকেরা যাতে গ্যালারিতে উপস্থিত থেকে নিজেদের সর্বকালের সেরা ফুটবলারকে বিদায় জানাতে পারেন, সে জন্য ম্যাচটির ঘোষণা আগেভাগেই দেওয়ার কথাও বলা হয়েছে।
তবে সম্ভাব্য সেই বিদায়ী ম্যাচের দিন, প্রতিপক্ষ কিংবা ভেন্যু এখনো ঠিক হয়নি। বেইন স্পোর্টসও তাদের উল্লেখ করা আর্জেন্টাইন প্রতিবেদনগুলোর নাম প্রকাশ করেনি। মেসি, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা স্কালোনির পক্ষ থেকেও পরিকল্পনাটির আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।
বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তাতেও অবসর নিয়ে কিছু বলেননি মেসি। স্পেনের কাছে হারের যন্ত্রণা অনেক দিন থাকবে জানিয়ে সতীর্থদের লড়াই এবং আর্জেন্টিনার মানুষের সমর্থনের কথা তুলে ধরেছিলেন তিনি।
স্কালোনিও জানিয়েছেন, জাতীয় দল থেকে অবসর নেওয়ার বিষয়ে মেসির সঙ্গে তাঁর আলোচনা হয়নি। সিদ্ধান্তটি পুরোপুরি মেসির ওপর ছেড়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ। তাই তাকে আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে দেখা যাবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।
নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে তৃতীয়বার ফাইনালে অংশ নেন মেসি। ছেলেদের বিশ্বকাপে তিনটি ফাইনালে খেলা ব্রাজিলের কাফুর পর দ্বিতীয় ফুটবলার তিনি।
আর্জেন্টিনার হয়ে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং বিশ্বকাপ জিতেছেন মেসি। জাতীয় দলকে বিদায় জানালেও সেটি তাঁর পেশাদার ফুটবল থেকে অবসর হবে না। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে আর্জেন্টাইন মহাতারকার।
.png)





