Advertisement

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল-পিএসজির বড় লড়াই

এশিয়া পোস্ট স্পোর্টস
রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল-পিএসজির বড় লড়াই
রদ্রিকে নিতে রিয়াল-পিএসজির লড়াই শুরু। ছবি: সংগৃহীত

স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর দলবদলের বাজারেও আলোচনার কেন্দ্রে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারকে পেতে অনেক দিন ধরেই আগ্রহী রিয়াল মাদ্রিদ। এবার সেই লড়াইয়ে যোগ দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

আরএমসি স্পোর্টের বরাতে গোল জানিয়েছে, রদ্রির সম্ভাব্য দলবদলের শর্ত জানতে ম্যানচেস্টার সিটির সঙ্গে যোগাযোগ করেছে পিএসজি। ফরাসি ক্লাবটি এখনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। তবে সিটির সঙ্গে সরাসরি যোগাযোগ করে সম্ভাব্য মূল্য ও চুক্তির কাঠামো সম্পর্কে জানতে চেয়েছে তারা।

চলতি দলবদলে নতুন মিডফিল্ডার আনা পিএসজির প্রধান পরিকল্পনায় ছিল না। কিন্তু রদ্রির চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর থাকায় পরিস্থিতিটিকে বড় সুযোগ হিসেবে দেখছে প্যারিসের ক্লাবটি।

তবে রদ্রির জন্য এখনো এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের দাবি, টনি ক্রুসের দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে ৩০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারকে চায় রিয়াল। রদ্রিও হোসে মরিনহোর অধীনে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে আগ্রহী।

রদ্রির সঙ্গে রিয়ালের মৌখিক সমঝোতা হয়েছে বলেও কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল। যদিও স্প্যানিশ ক্লাবটি সেই দাবি অস্বীকার করেছে। ম্যানচেস্টার সিটির কাছে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠায়নি তারা।

২০২৭ সালের জুন পর্যন্ত সিটির সঙ্গে চুক্তিবদ্ধ রদ্রি। নতুন কোচ এনজো মারেস্কা তাকে ধরে রাখতে চান। তবে নতুন চুক্তি না হলে আগামী বছর বিনা দলবদল মূল্যে হারানোর ঝুঁকি এড়াতে এবারই তাকে বিক্রির বিষয়টি বিবেচনা করতে পারে ইংলিশ ক্লাবটি।

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও জিতেছেন। যদিও বর্তমানে পিঠের চোটে ভুগছেন তিনি। অস্ত্রোপচারের প্রয়োজন হলে নতুন মৌসুমের শুরুর অংশে তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

রিয়ালের পর পিএসজির প্রবেশে রদ্রির দলবদল নিয়ে প্রতিযোগিতা জমে উঠেছে। বার্সেলোনাও তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে বলে খবর রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্লাবই ম্যানচেস্টার সিটির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।