Advertisement

ব্রাজিলের জার্সিকে আনুষ্ঠানিক বিদায় জানালেন নেইমার

এশিয়া পোস্ট স্পোর্টস
ব্রাজিলের জার্সিকে আনুষ্ঠানিক বিদায় জানালেন নেইমার
নেইমার জুনিয়র। ছবি: গার্ডিয়ান

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের রাতেই ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। এবার আর কোনো অস্পষ্টতা রাখলেন না। জাতীয় দলের হয়ে নিজের পথচলা শেষ হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। তবে পেশাদার ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না তিনি।

মঙ্গলবার কোপা সুদামেরিকানার প্লে-অফের ফিরতি লেগে ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে সান্তোস। ম্যাচ শেষে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ব্রাজিলের হয়ে আর না খেলার কথা স্পষ্ট করে দেন নেইমার।

তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার অধ্যায় শেষ। সেখানে আমি ইতিহাস গড়েছি এবং খুব সুখী ছিলাম। নিজের রক্ত, জীবন সব দিয়েছি। হলুদ জার্সির জন্য সব সময় লড়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।’

গত ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়ে তিনি বলেছিলেন, ‘চেষ্টা করেছি, চেষ্টা করেছি। এখন শেষ। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’

তবে আবেগের মুহূর্তে বলা কথাগুলো চূড়ান্ত সিদ্ধান্ত কি না, তা নিয়ে সংশয় ছিল। নেইমারের বাবা প্রকাশ্যে তাকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করায় জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়। এবার নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন ব্রাজিলিয়ান তারকা।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের, সেই মাঠেই নরওয়ের বিপক্ষে খেলেছেন জাতীয় দলের শেষ ম্যাচ। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩০ ম্যাচে তার গোল ৮০টি, সঙ্গে রয়েছে ৫৮টি গোলে অ্যাসিস্ট। ব্রাজিলের পুরুষ দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই বিদায় নিচ্ছেন তিনি।

চারটি বিশ্বকাপ খেলা নেইমার জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১৩ সালের কনফেডারেশনস কাপ ও ২০১৬ রিও অলিম্পিকের সোনা। তবে বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তাঁর।

জাতীয় দলকে বিদায় জানালেও সান্তোসের হয়ে খেলা চালিয়ে যাবেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।