চার বিভাগে আকস্মিক বন্যার আভাস

এশিয়া পোস্ট ডেস্ক
চার বিভাগে আকস্মিক বন্যার আভাস
পাহাড়ী ঢলে বাঁধ উপচে ঢুকছে পানি। ছবি : এশিয়া পোস্ট

দেশের উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি আগামী তিন দিনে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে চার বিভাগের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (৮ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। তবে তিন দিন পর, অর্থাৎ শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এ পরিস্থিতিতে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব নদীর পানি আরও বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এদিকে বর্তমানে দেশের সব প্রধান নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরাসহ উজানের এলাকাগুলোতেও ভারী বৃষ্টি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি সুরমা-কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলা নদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।