মেক্সিকোতে পুলিশের সহায়তায় নারী সাংবাদিক খুন, গ্রেপ্তার ৮

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে এক নারী সাংবাদিককে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা ও অপরাধীদের সহায়তা করার অভিযোগে চারজন স্থানীয় পুলিশ কর্মকর্তাসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
নিহত ওই নারী সাংবাদিকের নাম রোক্সানা গুজম্যান। তিনি মেক্সিকোর স্থানীয় অপরাধবিষয়ক সংবাদমাধ্যম ‘পুলসো ইনফরমেটিভো দেল সুরেস্তে’-এর পরিচালক ছিলেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২ জুন অপহরণের পর রোক্সানাকে হত্যা করা হয়। পরে খুনিরা তার মরদেহ একটি ড্রামে জ্বালানি তেলের সাহায্যে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ওই স্থান থেকে মানব কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে। ফরেনসিক পরীক্ষার পর শুক্রবার (৩ জুলাই) ভেরাক্রুজ রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় পরীক্ষা-নীরিক্ষা শেষে নিশ্চিত করেছে, উদ্ধার হওয়া অবশিষ্টাংশগুলো সাংবাদিক রোক্সানার।
এর আগে গত ২ জুন একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত রোক্সানার বাড়ির সদর দরজা ভেঙে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের একটি ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছিল।
হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। এই অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ইক্সহুয়াতলান দেল সুরেস্তে শহরের চারজন পৌর পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এই পুলিশ কর্মকর্তারা হত্যাকারী অপরাধী চক্রটিকে খাবার এবং বিভিন্ন ধরনের সহায়তা সরবরাহ করেছিলেন।
মানবাধিকার সংগঠন ‘আর্টিকেল ১৯’-এর তথ্য অনুযায়ী, মেক্সিকোতে সাংবাদিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ, এই ঘটনা তা আবারও প্রমাণ করেছে। ২০২৪ সালের অক্টোবরে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম ক্ষমতা নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে চলতি বছরে পেশাগত দায়িত্ব পালনের কারণে প্রাণ হারিয়েছেন ৩ জন। বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য মেক্সিকোকে অন্যতম বিপজ্জনক রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়।





