বুধবার রাতে ইরানে হামলার হুমকি ট্রাম্পের

ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে ইরানের ওপর নতুন করে সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে বুধবার (৮ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ইরান ইস্যুতে বেশ কিছু হুমকিমূলক মন্তব্য করেন। সেখানে ট্রাম্প ইঙ্গিত দেন, আজ রাতে যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের ওপর আবারও কঠোর আঘাত হানবে।
ইরান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গত রাতে (৭ জুলাই) আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত করেছি, খুব, খুবই কঠোর আঘাত।’ একই সঙ্গে আজ রাতেও হামলার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমি তাদের সামান্য সতর্কবার্তা দিয়েছি, আমরা আজ রাতে তাদের ওপর আবারও কঠোর আঘাত করতে যাচ্ছি।’
ইরানের ওপর নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। আমার পুরো বিষয়টি দেশটির শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে নয়।’ সেই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেক অগ্রগতি অর্জন করেছে বলেও তিনি দাবি করেন।
ইরান এখন আর মধ্যপ্রাচ্যের ‘মাস্তান’ বা আধিপত্য বিস্তারকারী শক্তি নয় বলে উল্লেখ করেন ট্রাম্প। এ সময় তিনি আজ দিনের শুরুর দিকের মন্তব্য টেনে দেশটির বর্তমান নেতৃত্বকে আবারও ‘পাগলাটে’ বলে বর্ণনা করেন।
সম্প্রতি যুদ্ধবিরতি শেষ হওয়া নিয়ে ট্রাম্পের করা মন্তব্য কি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় পূর্ণ মাত্রার যুদ্ধ ডেকে আনছে?—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ শুরু হওয়া না হওয়া নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও, তিনি ইরানের বিরুদ্ধে প্রতিদিন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন। ট্রাম্প বলেন, তারা সবসময় মিথ্যা বলে এবং প্রতারণা করে।
চুক্তির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প বলেন, আমাদের চুক্তির অধীনে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে আমাদের মধ্যে আদৌ কোনো চুক্তি হবে কি না তা আমি জানি না।
তিনি আরও বলেন, আমরা কোনো চুক্তি ছাড়াই এটি (পারমাণবিক কর্মসূচি বন্ধ) করতে পারি। কারণ আপনারা তো জানেনই, সেটাই বরং বেশি সহজ।
সূত্র: বিবিসি




