logo

প্যাকিং মেশিনের ঘোষণায় আনা সিগারেট তৈরির মেশিন জব্দ

প্যাকিং মেশিনের ঘোষণায় আনা সিগারেট তৈরির মেশিন জব্দ
সিগারেট তৈরি ও প্যাকিংয়ের মেশিন আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ছবি: সিআইআইডির সৌজন্যে

চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা চালানে সিগারেট উৎপাদনের পূর্ণাঙ্গ প্ল্যান্টের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। চালানটি পরীক্ষা করে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন শনাক্ত করে জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সিগারেট প্ল্যান্ট জব্দের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা আল-আমিন শেখ।

কাস্টমস গোয়েন্দাদের বরাত দিয়ে আল-আমিন শেখ জানান, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এসব যন্ত্রপাতি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ছয়টি প্যাকেজে আনা চালানের পণ্যের শ্রেণিবিন্যাস দেখানো হয় প্যাকিং ও র‍্যাপিং মেশিন হিসেবে। এ জন্য ব্যবহার করা হয় এইচএস কোড ৮৪২২৪০০০।

তবে সিআইআইডির বিস্তারিত পরীক্ষায় বেরিয়ে আসে ভিন্ন চিত্র। চালানে শুধু প্যাকেট জাতকরণের সরঞ্জাম নয়, সিগারেট তৈরির মূল মেশিনও রয়েছে। শনাক্ত করা সাতটি যন্ত্রের মধ্যে রয়েছে-এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সেলোফেন ওভারর‍্যাপার।

চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। কিন্তু সিআইআইডির প্রাথমিক মূল্যায়নপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য দেখানো হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। সে হিসাবে ঘোষিত মূল্যের তুলনায় সম্ভাব্য মূল্য প্রায় ২৫ গুণ বেশি। তবে মেশিনগুলোর মডেল, বয়স ও অবস্থা যাচাই এবং তুলনাযোগ্য আমদানিমূল্য বিশ্লেষণের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে।

আমদানি নথি অনুযায়ী, চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের দায়িত্বে রয়েছে এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। সিআইআইডির তথ্য অনুযায়ী, রপ্তানিকারক আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ব্যবসা তামাক উৎপাদন এবং তামাক শিল্পের যন্ত্রপাতি সরবরাহ।

এনবিআর কর্মকর্তা আল-আমিন জানান, সিআইআইডির পর্যবেক্ষণ- দেশে সিগারেট উৎপাদনের যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর সংশ্লিষ্টতা যাচাই করা জরুরি। আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহারকারী কারা, তা নিশ্চিত না হয়ে এ ধরনের চালান খালাসের সুযোগ থাকলে নকল সিগারেট উৎপাদনের ঝুঁকি তৈরি হতে পারে।

অধিদপ্তরের আশঙ্কা, অনুমোদিত উৎপাদন ব্যবস্থার বাইরে এসব যন্ত্রপাতি ব্যবহার করে বাজারের পরিচিত ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি ও বাজারজাত করা হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে।

এ ঘটনায় পণ্যের সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত আমদানি মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা। আমদানিকারক প্রতিষ্ঠানের আমদানি কার্যক্রমের বৈধতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা যাচাই করে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।