৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় দায় কম, অথচ ক্ষতির বোঝা বেশি-এমন বাস্তবতার মুখে দাঁড়িয়ে জলবায়ু অর্থায়নের প্রচলিত ব্যবস্থায় পরিবর্তনের দাবি তুলেছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নতুন ঋণের বোঝা না চাপিয়ে অনুদান, আধুনিক প্রযুক্তি ও কার্যকর অভিযোজন সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ, ঋণ-ত্রাণ সুবিধা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তুলতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সমর্থন প্রয়োজন। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্রমবর্ধমান ঋণের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। তাই জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আরও ঋণ না দিয়ে অনুদান দিতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। এই বাস্তবতায় জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহায়তার দাবি জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্যের কথা তুলে ধরে তিনি বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পাশাপাশি এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। জলবায়ু-সহনশীল ঋণ ধারা ও ডেট-ফর-ক্লাইমেট সোয়াপের মতো ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য সাশ্রয়ী অর্থায়ন এবং দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন তিনি।
জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, বৈদ্যুতিক যানবাহন ও পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণ এবং কার্বন ট্রেডিংয়ের জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
তিনি জানান, বাংলাদেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে সরকার। এ ছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যান এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত ও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজও চলছে।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে। নারী ও তরুণদের জলবায়ু কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল নিশ্চিত করতে হবে। প্রতিশ্রুতিকে বাস্তবে রূপান্তর এবং বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বান জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি প্যাভিলিয়নে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়ন পরিদর্শনে ছিলেন। তাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান এবং বাংলাদেশের পাটজাত পণ্যের বিষয়ে তাদের আগ্রহের কথা জানতে চান। শিক্ষার্থীরা এসব পণ্য সম্পর্কে আরও জানতে ও পড়াশোনা করতে আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তাদের বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা, ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। পরিবেশবান্ধব এসব পণ্যের আন্তর্জাতিক বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে পণ্যগুলো আমদানির আগ্রহও প্রকাশ করেছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এদিকে তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ এর চতুর্থ দিনে বৃহস্পতিবার বিশ্বনেতাদের আলোচনায় গুরুত্ব পেয়েছে জলবায়ু অর্থায়ন, প্যারিস চুক্তির বাস্তবায়ন, নগর ও অবকাঠামোর জলবায়ু সহনশীলতা, পরিচ্ছন্ন জ্বালানি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়। সম্মেলনের দ্বিতীয় দিনের বিশ্বনেতা পর্যায়ের অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, জলবায়ু বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা অংশ নেন। দিনের মূল প্রতিপাদ্য ছিল ‘রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট’ বা জলবায়ু সহনশীল নগর ও নির্মিত পরিবেশ। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, তাপপ্রবাহ, পানির সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অবকাঠামোগত ঝুঁকি মোকাবিলায় নগর পরিকল্পনায় নতুন বিনিয়োগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
গতকালকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার একটি ছিল প্যারিস জলবায়ু চুক্তির দ্বিতীয় দশকে প্রবেশের প্রেক্ষাপটে প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অর্থায়নে উন্নয়নশীল দেশগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করা। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কর্মসূচিতে ছিল ‘দ্য সেকেন্ড ডিকেড অব দ্য প্যারিস অ্যাগ্রিমেন্ট: অ্যাকসেলারেটিং ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অ্যাকসেস টু ফাইন্যান্স’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক। এতে জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তব কর্মসূচিতে রূপান্তর এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকার কথা।
এরপর দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ছিল ‘আরবান রেজিলিয়েন্স, অ্যাডাপটেশন অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় শহরগুলোর সক্ষমতা বৃদ্ধি, জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ, পানি ব্যবস্থাপনা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং নগরবাসীর জীবন-জীবিকার সুরক্ষার বিষয়গুলো এতে গুরুত্ব পায়। দ্রুত নগরায়ণ ও জলবায়ু ঝুঁকির কারণে উন্নয়নশীল দেশগুলোর শহরগুলো কীভাবে আরও নিরাপদ ও সহনশীল করা যায়, সেটিও ছিল এ দিনের আলোচনার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট।
এদিকে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল গ্রিডস অ্যাকসেলারেটর: পাওয়ার ফর ফিউচার-গ্রিডস ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠান। এতে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার আধুনিকায়ন, আন্তঃসীমান্ত বিদ্যুৎ সংযোগ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তার সঙ্গে জলবায়ু লক্ষ্যমাত্রার সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়। নন-কার্বন ডাই-অক্সাইড গ্রিনহাউস গ্যাসবিষয়ক নেতাদের শীর্ষ সম্মেলনে মিথেনসহ অন্যান্য শক্তিশালী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি ছিল এর মূল লক্ষ্য। একই সময়ে বন ও ভূমি ব্যবহার খাতে ফলাফলভিত্তিক অর্থায়ন নিয়ে ‘রেড প্লাস অ্যাজ আ ক্যাটালিস্ট’ শীর্ষক আলোচনা এবং নগর, অবকাঠামো ও পানির জলবায়ু সহনশীলতা নিয়ে পৃথক অধিবেশনও অনুষ্ঠিত হয়। পাহাড়, হিমবাহ ও বরফাচ্ছাদিত অঞ্চলের ভবিষ্যৎ নিয়েও ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘অ্যাডভান্সিং দ্য মাউন্টেন অ্যাজেন্ডা’ শীর্ষক অধিবেশনে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলে যাওয়া, পানির প্রাপ্যতা পরিবর্তন, পাহাড়ি জনগোষ্ঠীর ঝুঁকি এবং অভিযোজনের জন্য টেকসই অর্থায়নের বিষয়গুলো আলোচনা হয়েছে।
এ ছাড়া আফ্রিকায় পরিচ্ছন্ন রান্নার জ্বালানির প্রসারে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নে আফ্রিকার নেতৃত্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

