logo

‘সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে তারপর মন্তব্য করা’

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন
‘সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে তারপর মন্তব্য করা’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: ফেসবিুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে তারপর মন্তব্য করা। কিন্তু তিনি সব পক্ষের সাথে কথা না বলে বিএনপির লোকজনকে চাঁদা দেননি বলে স্টুডিও ভেঙেছে মর্মে বক্তব্য দিলেন। আশা করি, এবার তিনি সত্যতা তুলে ধরবেন।

সালমান মুক্তাদিরের স্টুডিওর ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে তিনি বলেন, আমরা জুলাই যোদ্ধা সালমান মুক্তাদিরের সাথে ঘটে যাওয়ার জন্য ব্যথিত। ইনশাআল্লাহ, দোষীরা যথাযথ শাস্তি পাবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এসব কথা বলেন রাশেদ খাঁন।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা বিষয়ে তিনি বলেন, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরে ২ পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা! নিউ গিনি প্রোপার্টিজের সংলগ্ন সাবেক কিছু সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে। সাবেক সরকারি কর্মকর্তাদের দাবি, অতীতে প্রভাব বিস্তার করে ৮ কাঠা জমি দখল করেছেন নিউ গিনি প্রোপার্টিজের মালিক আওয়ামী-ঘনিষ্ঠ নাজিম উদ্দীন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেলও খেটেছেন।

‘অতিসম্প্রতি তার কাছ থেকে ৫ হাজার স্কয়ার ফিট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও করেছেন সালমান মুক্তাদির। নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের মালিক নাজিম উদ্দীন অতিসম্প্রতি এমনভাবে ৩টি নতুন গেট দিয়েছেন, যাতে ভেতরে অন্য জমির মালিকরা ঢুকতে না পারেন। দখলের উদ্দেশ্যে এমন করেছেন বলে সাবেক সরকারি কর্মকর্তাদের দাবি। যে কারণে তারাও ক্ষুব্ধ হয়ে লোকজন ভাড়া করে গেট ভাঙতে গিয়ে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছেন। এটা অনাকাঙ্ক্ষিত। সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে তারা আইনের আশ্রয় নিতে পারতেন; তা না করে পাল্টা পেশিশক্তি দেখাতে গিয়ে পুরোপুরি বিএনপির ওপর দায় চাপিয়ে দিতে একপ্রকার সহযোগিতা করেছেন।’

দখল ও পাল্টা দখলের সাথে বিএনপি কিংবা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, কিন্তু গণঅভ্যুত্থানের পরে যারা ইসলামী ব্যাংক দখল থেকে শুরু করে বিভিন্ন সম্পদ নিজেদের দাবি করে দখল করা শুরু করেছিল, তারাই আজকে সব ঘটনায় বিএনপিকে দোষারোপ করে ভিলেন বানাতে অপচেষ্টা করে যাচ্ছে।