প্রাথমিক বৃত্তির ফল সময়ের আগে প্রকাশ, শাস্তি পাচ্ছেন কর্মকর্তা

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রাথমিক বৃত্তির ফল সময়ের আগে প্রকাশ, শাস্তি পাচ্ছেন কর্মকর্তা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল নির্ধারিত সময়ের আগে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আংশিক প্রকাশের দায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) অধিদপ্তরের এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। অভিযুক্ত কর্মকর্তার নাম মো. মেহতাব কায়েস। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।

আদেশে বলা হয়, গত ৮ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়। উক্ত ফলাফল ওয়েব পোর্টালে আপলোডের জন্য প্রয়োজনীয় লিঙ্ক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল মো. মেহতাব কায়েসকে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যে, যথাযথ অনুমোদন পাওয়ার আগে কোনোভাবেই যেন ফলাফল আপলোড করা না হয়।

কিন্তু আজ ৯ জুলাই সকাল ১০টায় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ও সংশ্লিষ্ট লিঙ্কগুলো ওয়েব পোর্টালে আপলোড করে দেওয়া হয়। এই লিঙ্কের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড শুরু করেন এবং তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অধিদপ্তরের পরিচালকের (আইএমডি) দেওয়া প্রতিবেদন থেকে জানা গেছে, লাইভ সার্ভারে লিঙ্ক তৈরি এবং ফলাফল আপলোডের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল সঠিকভাবে অনুসরণ করা হয়নি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে অনুরোধ জানিয়েছেন।