রাজনৈতিক দলগুলো এক ধরনের মাফিয়াগোষ্ঠীতে পরিণত হয়েছে: হাসনাত কাইয়ূম

এশিয়া পোস্ট ডেস্ক
রাজনৈতিক দলগুলো এক ধরনের মাফিয়াগোষ্ঠীতে পরিণত হয়েছে: হাসনাত কাইয়ূম
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, যদি রাষ্ট্র বা জনগণ আইন হাতে তুলে নেয়, তবে তারা নিজেরাও অপরাধী হয়ে পড়বে। জাস্টিস বা বিচার এভাবে হয় না। রাষ্ট্র কোনো ব্যক্তি নয় যে, সে ব্যক্তিগত রাগের বশে কাউকে আক্রমণ করবে। রাষ্ট্রের আচরণে মনে হয় সরকার পাগল হয়ে গেছে, যা একটি অত্যন্ত বিপজ্জনক লক্ষণ।

এসব উদাহরণ হিসেবে সম্প্রতি রাজশাহীর একটি ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মারার কিংবা তার অপরাধের জন্য তার মাকে অপদস্ত করার কোনো অধিকার রাষ্ট্রের নেই।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই নেতা।

হাসনাত কাইয়ূম বলেন, আমাদের দেশে রাজনৈতিক দলগুলো বর্তমানে এক ধরনের মাফিয়াতান্ত্রিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা নিজেদের রাষ্ট্রের মালিক মনে করে। ভয় দেখানো, খুন করা এবং গুম করার মাধ্যমে ব্যক্তিগত সম্পদ অর্জনের একটি মাধ্যম হিসেবে তারা রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে। রাজনীতিকে যখন জনসেবার পরিবর্তে লাভজনক ব্যবসা হিসেবে দেখা হয়, তখন স্বার্থের প্রয়োজনে যে কাউকে খুন করা তাদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, আগে আওয়ামী লীগ আমলে দেখা গেছে শিবির সন্দেহে বিশ্বজিতের মতো সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এখন আবার ছাত্রলীগ সন্দেহে গণপিটুনি বা হেনস্তার ঘটনা ঘটছে। এই সংস্কৃতি বদলানো জরুরি। বিচার বিভাগ ও আইন বিভাগকে এমনভাবে স্বাধীন করতে হবে যেন অপরাধী তার প্রাপ্য শাস্তি পায়, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি বা তার পরিবার হেনস্তার শিকার না হয়। রাজনৈতিক প্রতিহিংসার এই ট্রেইনিং বা সংস্কৃতি থেকে বের হতে না পারলে রাষ্ট্র কখনোই সুস্থ পথে হাঁটবে না।