শিক্ষকের নাম ভুল করায় ৩০০ বার লিখিয়ে শাস্তির অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল করায় এক শিক্ষার্থীকে ৩০০ বার নিজের নাম লেখানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থী বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিলে সমালোচনার ঝড় ওঠে।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনা। ভুক্তভোগী শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদ একই বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
অভিনব এই শাস্তির খাতার ছবি নিজের ফেসবুকে শেয়ার করে সাইদুল লিখেছেন, গত রাতটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। একটি শব্দের বানানে মাত্র একটি অতিরিক্ত অক্ষর—‘Morium’-এর পরিবর্তে ‘Morioum’—লেখার কারণে আমাকে পুরো লেখাটি ৩০০ বার সংশোধন করতে হয়েছে।
ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী রেদোয়ান সরকার ফেসবুকে লিখেছেন, কত কত অযাচিত অ্যাসাইনমেন্ট করেছি তার হিসেব নাই, ক্রিয়েটিভিটি বলতে দেখে দেখে অ্যাসাইনমেন্টের এই ধরনের র্যাগিংই হয় এখানে। শিক্ষক কর্তৃক নানান র্যাগিংয়ের সম্মুখীন হওয়া খুবই মামুলি বিষয় এই বিভাগে।
তবে শিক্ষক মরিয়ম হাসনার পক্ষে অবস্থান নিয়ে ইসরাত জাহান নামে আরেক শিক্ষার্থী কমেন্টে লিখেছেন, তৃতীয় বর্ষে পড়ে একজন ফ্যাকাল্টি মেম্বারের নাম ভুল করেন, তাও আবার পোস্ট করেন! ন্যূনতম বিবেকবোধ থাকা উচিত।
এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
.png)




-8193d1.jpg)
