logo

রাজধানীতে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ বছরের পুরনো স্বাস্থ্যসেবা কেন্দ্র

রাজধানীতে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ বছরের পুরনো স্বাস্থ্যসেবা কেন্দ্র
বাঁয়ে রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে হামলা চালানো হয় ও ডানে হামলার পর ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। ছবি: সমকাল

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবস্থিত ‘রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্র’-এ মধ্যরাতে মুখোশধারী দুর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে প্রায় ২৫০ জন মুখোশধারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা শুরুতেই দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভবনে প্রবেশ করে। এরপর ক্লিনিকে থাকা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, ল্যাবরেটরি রিএজেন্ট, আল্ট্রাসনোগ্রাম মেশিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকাসহ জরুরি সব চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

নাসরিন আখতারের অভিযোগ, লুটপাট শেষে এক্সকাভেটর বা ভারী যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠানটির সবকটি ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিঃ’-এর একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, প্রায় ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যে পরিচালিত এই তাণ্ডবে যন্ত্রপাতি ও অন্যান্য মালামালসহ অন্তত দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ডা. নাসরিন আখতার বলেন, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কেন্দ্রটি দীর্ঘ ৫০ বছর ধরে এলাকার দরিদ্র ও অসহায় নারী-শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সুবিধা দিয়ে আসছিল। এ হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নয়, বরং অসহায় মানুষের স্বাস্থ্যসেবার অধিকারের ওপর আঘাত।

তিনি আরও জানান, শনিবার থেকে কেন্দ্রটিতে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রটি দখলের পর পুরো কার্যক্রম এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং কেন্দ্রটির ক্ষতিপূরণ দিয়ে সেবা কার্যক্রম পুনঃচালুর দাবি জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, কেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।