এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে অফিসে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে বেড়িবাঁধের পশ্চিম পাশে রোজ ভিলা ও সাতমসজিদ হাউজিং এলাকার সংশ্লিষ্ট স্থাপনায় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী জয়নাল আবেদিনের অভিযোগ, সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোহাম্মদপুর টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় তাদের অফিসে ঢুকে দরজা, তালা ও জানালা ভাঙচুর করেন। পরে অফিসের বিভিন্ন কক্ষ ও স্টোররুমে তল্লাশি চালিয়ে নগদ ১৫ লাখ টাকা, পাঁচটি ল্যাপটপ, দুটি এসি, তিনটি সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় জয়নাল আবেদিন মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, কিছুদিন ধরে মো. মোস্তাক রহমান খোকন চৌধুরী (৬২), মহিন, প্রিন্স ও আলামিন স্থানীয় কয়েকজনের সহায়তায় তাদের অফিস দখলের চেষ্টা করে আসছেন। হামলা ও মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র ও তথ্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অন্যদিকে পুলিশ বলছে, চাঁদ উদ্যানের রোজ ভিলা সংলগ্ন বিরোধপূর্ণ জমিতে জনি ও রেজাউলের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন প্রবেশ করে আগের টিনের বেড়া ভেঙে ফেলেন। পরে তারা জমির ভেতরে থাকা আলমের অফিসে ভাঙচুর চালিয়ে সীমানায় নতুন করে টিনের বেড়া দেন। পুলিশের প্রাথমিক প্রতিবেদনে ঘটনাটিকে জমি দখলের চেষ্টার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদপুর থানার এসআই জাহিদুল ইসলাম কবির জানান, দীর্ঘদিন ধরে আলম ওই জমির দখলে ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে জনি ও রেজাউলের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন সেখানে প্রবেশ করেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানস্থ ‘রোজ ভিলা’ সংলগ্ন জমিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে আলম ওই জমির দখলে ছিলেন। ঘটনার সময় জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০-২০০ জন লোক বেআইনিভাবে জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলে। তারা ভেতরে প্রবেশ করে অফিসে ভাঙচুর চালায় এবং সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করে।
তিনি জানান, ওই জমির মালিকানা নিয়ে উভয় পক্ষই নিজ নিজ কাগজপত্র থাকার দাবি করছে। ফলে জমিটির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।
ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের মোবাইল-৬৩ ও স্পেশাল-৬৩ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
