logo
সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার

ডাক বিভাগের ১৪টি এমপিসিতে উৎপাদন ৮৬ হাজার ইউনিট

ডাক বিভাগের ১৪টি এমপিসিতে উৎপাদন ৮৬ হাজার ইউনিট
ছবি: বিজ্ঞপ্তি থেকে নেওয়া

সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সাশ্রয়ে যখন নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন বাংলাদেশ ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টারে (এমপিসি) সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে। সৌরবিদ্যুৎ উৎপাদন, নিজস্ব চাহিদা পূরণ এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে কেন্দ্রগুলোতে প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়েছে।

ডাক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪টি এমপিসিতে এখন পর্যন্ত সৌরবিদ্যুৎ থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোতে সরাসরি ব্যবহার করা হয়েছে। বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এ সময়ে কেন্দ্রগুলো জাতীয় গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে। নিজস্ব ব্যবহারের পাশাপাশি উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় কেন্দ্রগুলোর নিট গ্রিড-নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়েছে।

সরকারি উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য

দেশে জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেন। এর আওতায় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। পরে ১০ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর কথা বলা হয়। এই প্রেক্ষাপটে ডাক বিভাগের ১৪টি এমপিসিতে সৌরবিদ্যুতের ব্যবহার সরকারি অবকাঠামোয় বিকল্প জ্বালানির সম্ভাবনা তুলে ধরে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

নেট মিটারিংয়ে সাশ্রয়

মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় সারা দেশে ১৪টি এমপিসিতে নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ। নেট মিটারিং ব্যবস্থায় সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহৃত হয়। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী তা বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করা যায়। ফলে একই সঙ্গে গ্রিড থেকে বিদ্যুৎ নেওয়ার পরিমাণ ও বিদ্যুৎ ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়।

ডাক বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত ৮৬ হাজার ১৪১ ইউনিটের প্রায় ৪৩ শতাংশ নিজস্ব চাহিদা পূরণে ব্যবহৃত হয়েছে। বাকি প্রায় ৫৭ শতাংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এ ছাড়াও ডাক অধিদপ্তরের অপর দুটি প্রকল্পের আওতায় ইতোমধ্যে মতিঝিল পোস্টাল কলোনীতে ও জেলা পযার্য়ে কয়েকটি অফিসে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এ থেকে প্রতিমাসে গড়ে ১৮৮ কিঃ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এর মাধ্যমে প্রতিমাসে একদিকে বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে অপরদিকে জাতীয় প্রিডে বিদ্যুৎ চাহিদা পূরণে অবদান রাখছে।

জেলা-উপজেলায় সম্প্রসারণের সম্ভাবনা

সরকার যখন সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর দিকে এগোচ্ছে, তখন ডাক বিভাগের এই উদ্যোগ অন্য সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি কার্যকর দৃষ্টান্ত হতে পারে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয় ও নেট মিটারিংয়ের সমন্বয়ে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও টেকসই ও জ্বালানিসাশ্রয়ী সরকারি ব্যবস্থাপনা গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের ডাকঘর এবং ডাক বিভাগের অন্যান্য সেবাকেন্দ্রেও এ ব্যবস্থা সম্প্রসারণ করা গেলে বিদ্যুৎ সাশ্রয়ের সুযোগ আরও বাড়বে। পাশাপাশি, উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে ডাক বিভাগ পরিবেশবান্ধব সরকারি সেবা ব্যবস্থার একটি বিস্তৃত দৃষ্টান্ত গড়ে তুলতে পারে। সৌরবিদ্যুৎ শুধু বিদ্যুৎ উৎপাদনের বিকল্প নয়, বরং সরকারি ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং টেকসই ভবিষ্যৎ গড়ারও একটি সম্ভাবনাময় পথ।