Advertisement

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
চট্টগ্রামে বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামে বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, উদ্ধার করা অস্ত্রের ঘটনায় আসামিদের বিরুদ্ধে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ফটিকছড়ি থানায় দায়ের করা আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা পুলিশের এই বিশেষ ও গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

এর আগে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন ঢাকার মতিঝিলের মো. শামীম, রাউজানের মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছ, ঢাকার শ্যামপুরের আল ইসলাম আলিফ ওরফে তমাল ও নোয়াখালীর সোনাইমুড়ীর মো. সাফায়েত হোসেন।

পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তের সূত্র ধরে গত ২২ জুলাই মামলার এজাহারভুক্ত আসামি ধামা ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্ত্রাসী নেটওয়ার্ক ও অস্ত্রের মজুত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন। ধামা ইলিয়াছের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ২১টি মামলা রয়েছে।

রিমান্ডে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে গত ২৯ জুলাই যশোর জেলা পুলিশের সহযোগিতায় ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন থানায় খুন, অস্ত্র ও চাঁদাবাজির অন্তত ১৩টি মামলা রয়েছে।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গ্রেপ্তার আসামিদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।