শরীয়তপুরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

শরীয়তপুরে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আবুল কাসেম মুন্সি নামে ৬৫ বছর বয়সি এক বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল সোমবার (২২ জুন) দুপুরে সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, শিশুটি মাদ্রাসায় গেলে প্রতিদিন তার মা তাকে আনতে যান, তবে সোমবার দুপুরে তার মা দেরি করায় শিশুটি একাই বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পর সে তার মাকে পেট ব্যথার কথা জানায়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও বিকেলের দিকে ব্যথা বেড়ে গেলে শিশুটির মা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় শিশুটি জানায়, মাদ্রাসা থেকে ফেরার পথে আবুল কাসেম মুন্সি তাকে অন্য রাস্তায় নিয়ে যায় এবং তার স্পর্শকাতর স্থানে ব্যথা দেয়।
এ ঘটনায় পরিবারের লোকজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করলে তিনি অভিযোগ অস্বীকার করে সেখান থেকে পালিয়ে যান।
এদিকে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে সেমবার রাত ১১টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়েকে প্রতিদিন মাদ্রাসা থেকে আনতে যাই, কিন্তু গতকাল দেরি হওয়ায় একাই বাড়িতে চলে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পর ও বলে পেটে ব্যথা, তখন আমি ভাবছি হয়তো এমনিতেই। কিন্তু পরে ব্যথা বাড়লে জিজ্ঞাসা করলে ও বলে, আসার সময় আবুল কাসেম মুন্সি অন্য রাস্তায় নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে ব্যথা দেয়। পরে আমরা তাকে জিজ্ঞাসা করতে গেলে তিনি পালিয়ে যান। আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, আমি তার বিচার চাই।
ভুক্তভোগী শিশুর চাচা বলেন, আমার ভাই দেশের বাইরে থাকেন, তার মেয়েকে দেখার দায়িত্ব আমাদের। আমরা দ্রুত দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।
অভিযুক্ত আবুল কাসেম মুন্সি পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গতকাল ঘটনাটি ঘটেছে, তারা আজ আমাদের কাছে এসেছে। আমরা মামলা নিচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






