নদীভাঙন রোধে সরকার সোচ্চার: খোকন তালুকদার

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
নদীভাঙন রোধে সরকার সোচ্চার: খোকন তালুকদার
নদীর ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কর্মসূচিতে খোকন তালুকদার। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপি সরকার নদীভাঙন রোধে সোচ্চার। আমরা সবসময় নদীভাঙন কবলিত মানুষের পাশে আছি। সব জায়গায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে সাময়িকভাবে নদীভাঙন রোধ করা হবে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকা দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জরুরি তীর প্রতিরক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, আমরা চেষ্টা করব এখানে স্থায়ীভাবে ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করে এই ইউনিয়নের নদীভাঙন রোধ করার এবং আপনাদের স্থায়ীভাবে রক্ষা করার। বর্তমান সরকার নদী, খাল ও নদীর পাড়ের মানুষদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত আন্তরিক। আমাদের যতগুলো নির্বাচনি আসন আছে, তার সব সংসদ সদস্যই এ বিষয়ে নিজ নিজ এলাকায় কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ভালো রাখার জন্য এ বিষয়ে অত্যন্ত সোচ্চার।

এ সময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।